বাংলাদেশ বেতারে ‘নতুন রাজশাহী’র নাগরিক সেবা ও উন্নয়ন ভাবনা জানালেন রাসিক প্রশাসক
রাজশাহী নগরীকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন রূপ দেওয়ার পাশাপাশি সাধারণ নাগরিকদের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান। বাংলাদেশ বেতার রাজশাহীর নিয়মিত ও জনপ্রিয় আয়োজন ‘সবার আগে বাংলাদেশ’ অনুষ্ঠানের বিশেষ পর্বে অংশ নিয়ে তিনি নগর উন্নয়ন ও নাগরিক সেবার এই রূপরেখা তুলে ধরেন।
‘নাগরিক সেবায় নতুন রাজশাহী’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের রেকর্ডিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক। স্টুডিওতে নির্ধারিত বিষয়ে আলোকপাতকালে তিনি রাজশাহী মহানগরীর বর্তমান সার্বিক পরিস্থিতি, নাগরিক ভোগান্তি দূরীকরণে গৃহীত জরুরি পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন ভাবনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
রাসিক প্রশাসক জানান, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিকল্পিত মহানগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন প্রশাসন প্রতিটি ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম ও আলোকায়ন ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়েছে। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মশক নিধন, নিরবচ্ছিন্ন বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং সড়ক যোগাযোগ অবকাঠামো সংস্কারে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুততম সময়ে সেবা প্রদানের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শুধু তাৎক্ষণিক সমস্যা সমাধানই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আধুনিক রাজশাহী গড়ে তোলাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। পরিকল্পিত নগরায়ণ, যানজট নিরসন এবং নাগরিক বিনোদনের পরিসর বাড়াতে গৃহীত মেগা প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া কোনো টেকসই রূপান্তর সম্ভব নয় উল্লেখ করে তিনি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ নগর বিনির্মাণে নাগরিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।