দুর্গাপুরে ২৩টি মণ্ডপে কড়া নজরদারি, সন্ধ্যা ৭টায় বিসর্জন
রাজশাহীর দুর্গাপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিনি হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
সভায় আসন্ন দুর্গোৎসব ঘিরে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে একগুচ্ছ দিকনির্দেশনা ও কঠোর নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশাসনিক নির্দেশনায় জানানো হয়, উপজেলার মোট ২৩টি পূজামণ্ডপে বাধ্যতামূলকভাবে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করতে হবে। এছাড়া প্রতিটি মণ্ডপের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে আয়োজক কমিটির পক্ষ থেকে ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক দুইজন করে গ্রাম পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়। মন্দির ও মণ্ডপ এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত রাখার ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয় এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী পঞ্চানন্দ সরকার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অ. ন. ম. রকিবুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান। এছাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরঞ্জন দীনেশ, সাধারণ সম্পাদক নিরঞ্জনসহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বাবলু, জেলা বিএনপির সদস্য জারজিস হোসেন সোহেল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল এবং সদস্য সচিব রেজাউল করিম স্বপন। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে উৎসবকে নির্বিঘ্ন রাখতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।