চারঘাটে ঐতিহ্যবাহী নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন
রাজশাহীর চারঘাট উপজেলার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবি ও প্রত্যাশা পূরণে ঐতিহাসিক নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টায় স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশের মধ্য দিয়ে এ উন্নয়নমূলক সংস্কার কার্যক্রমের শুভ সূচনা হয়।
নন্দনগাছী রেলস্টেশন সংস্কার বাস্তবায়ন কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারঘাট-বাঘা (রাজশাহী-৬) আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবু সাইদ চাঁদ।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, নন্দনগাছী রেলস্টেশন কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি চারঘাট-বাঘাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। দীর্ঘদিন ধরে স্টেশনটির জরাজীর্ণ অবকাঠামোর কারণে সাধারণ যাত্রীদের নানামুখী ভোগান্তি পোহাতে হয়েছে। এই ব্যাপক সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবার মান বৃদ্ধির পাশাপাশি পুরো অঞ্চলের রেল যোগাযোগ আরও সুগম, আধুনিক ও নিরাপদ হয়ে উঠবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, এই স্টেশনের উন্নয়ন স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির এক বাস্তব প্রতিফলন। আগামী দিনে দেশের রেলসেবাকে সাধারণ মানুষের কাছে আরও বেশি জনবান্ধব ও যুগোপযোগী করতে সম্ভাব্য সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহকারী সম্পাদক অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল কালাম আজাদ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট। এ সময় নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান ও নন্দনগাছী বাজার কমিটির সভাপতি আব্দুল খালেকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের নাগরিক উপস্থিত ছিলেন।
সমাবেশে স্থানীয় বক্তারা সন্তোষ প্রকাশ করে বলেন, বছরের পর বছর নানাবিধ সমস্যায় জর্জরিত থাকা নন্দনগাছী স্টেশনটি রূপান্তরের মুখে পড়েছে। স্টেশনটির আধুনিকায়নে যাত্রীদের সময় ও দুর্ভোগ লাঘবের পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৬ বছরের দীর্ঘ প্রতিক্ষার পর গত ৫ অক্টোবর নন্দনগাছী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লুপ লাইনে প্রথমবারের মতো একটি যাত্রীবাহী ট্রেন পরীক্ষামূলক ও নিয়মিত বিরতি শুরু করে। সেই ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতায় এবার স্টেশনের সার্বিক অবকাঠামো সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় গোটা চারঘাটজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।