বোয়ালিয়া থানার অভিযানে অপহরণ মামলার ভিকটিম চট্টগ্রাম থেকে উদ্ধার-প্রধান আসামি গ্রেফতার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতা ও প্রযুক্তিনির্ভর অভিযানে অপহরণ মামলার ভিকটিম সাবিলা তাসনীম রোশনি (১৩)কে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে অপহরণের মূল অভিযুক্ত শাফায়েত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ২০২৬ সকাল ৯টার দিকে রাজশাহী নগরীর তেরখাদিয়া জিন্নানগর উপশহর এলাকা থেকে কৌশলে রোশনিকে অপহরণ করে নিয়ে যায় শাফায়েত। এ ঘটনায় ভিকটিমের পিতা মোঃ রফিকুল ইসলাম ৬ এপ্রিল বোয়ালিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-৫)।
মামলার পরপরই ভিকটিমকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই মাসুদ কবিরের নেতৃত্বে এএসআই শাহ নেওয়াজ বিপ্লব ও কনস্টেবল নয়ন কুমার সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে চট্টগ্রামের ডাবলমুরিং থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ডাবলমুরিং থানার রেডিও কলোনি এলাকা থেকে শাফায়েতকে তার খালুর বাসা থেকে গ্রেফতার করা হয় এবং ভিকটিম রোশনিকে উদ্ধার করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি মোঃ রবিউল ইসলাম বলেন, “অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা পুলিশের জন্য একটি বড় সাফল্য। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটিকে পরবর্তীতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।