হামের উপসর্গ নিয়ে রামেকে ভর্তি আরও ৫০ শিশু
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বা জানিয়েছেন, সোমবার (৩০ মার্চ) সকাল ১০টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ২৮০ শিশু ৷ এরমধ্যে হাম পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে ২৮টি। তারা হামের নিদির্ষ্ট কর্নার ও সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। এর আগে রোববার ভর্তি ছিল ২৩০ শিশু।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, রামেক হাসপাতাল চিকিৎসাধীন ছাড়াও বিভাগে অন্তত ৫০০ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এরমধ্যে ৪২৪ শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৪১১টি। হাম পজিটিভ হয়েছে ১৩৭ শিশু।
এপর্যন্ত রাজশাহী বিভাগের পাবনায় দুই ও রাজশাহী সিটি করপোরেশন এলাকায় এক শিশুসহ মোট তিন শিশু মারা গেছে।
চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২ শিশু মারা গেছে৷ তাদের নমুনা পরীক্ষা না হওয়ার কারণে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
শিশু ওয়ার্ডের তথ্য বলছে, ধারণক্ষমতার তিনগুণ রোগী শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইসোলেশন ওয়ার্ডে সংকুলান না হওয়ায় বাধ্য হয়েই হামের রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সাধারণ শিশু ওয়ার্ডে।
রাজশাহী বিভাগীয় পরিচলক (স্বাস্থ্য) ডা. হাবিবুর রহমান বলেছেন, রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ হাম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় সংক্রমণ বেশি হয়েছে। হাসপাতালগুলোতে বিশেষ চিকিৎসা ও দ্রুতই টিকার ব্যবস্থা করা হবে।