চারঘাটে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন এমপি চাঁদ
রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটসহ নানা সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় উপজেলা হাসপাতালকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে এমপি চাঁদ হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, পরিচ্ছন্নতা কর্মীর অভাবসহ নানা সীমাবদ্ধতায় ভুগছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের দ্রুত সমস্যা চিহ্নিত করে জানাতে নির্দেশ দেন।
তিনি বলেন, “পরিচ্ছন্নকর্মীসহ যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। ৫০ শয্যার এই হাসপাতালকে আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসকদের সময়মতো উপস্থিত থেকে রোগীদের সেবা নিশ্চিত করার নির্দেশ দেন এবং অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান।
পরিদর্শন শেষে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি চাঁদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. তৌফিক রেজা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোমিনুল হক, সাধারণ সম্পাদক নজমুল হক, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুটসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরে এমপি আবু সাইদ চাঁদ অসুস্থ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদকে তার বাসায় গিয়ে খোঁজখবর নেন।